সামাজিক দায়বদ্ধতায় নেই নিয়ন্ত্রক সংস্থা ও অপারেটররা

৪ আগষ্ট, ২০১৯ ১৮:৪৪  
দেশে বর্তমানে ডেঙ্গু মহামারী আকারে আবির্ভূত হয়েছে। সেই সাথে এর চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের অপব্যাখ্যা। তাছাড়া গুজব ছড়িয়ে নিরীহ ব্যক্তিদের পিটিয়ে হত্যা করলেও নিয়ন্ত্রক সংস্থা ও অপারেটররা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এ নিয়ে কোন কার্যক্রম না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার (০৪ আগস্ট) সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, অপারেটরদের এমন নির্লিপ্ততায় আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার তহবিলের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করছে অপারেটররা এবং নিয়ন্ত্রক সংস্থা সেই অর্থে ভাগ বসাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় দেশের দুর্যোগ কিংবা গ্রাহকদের পাশে কখনো নিয়ন্ত্রক সংস্থা বা অপারেটররা দাঁড়াচ্ছে না। মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে বিটিআরসিতে সামাজিক দায়বদ্ধতা তহবিলে রয়েছে প্রায় ১ হাজার ৪ শত কোটি টাকা। অপারেটরদের কাছে রয়েছে বিপুল পরিমাণ অর্থ। কিন্তু তারা সামাজিক দায়বদ্ধতার নামে অর্থ সংগ্রহ করলেও ডেঙ্গু দুর্যোগে তাদের নেই জনসচেতনতামূলক কর্মসূচি কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা সেবা দেয়ার জন্য কোন নাগরিকের পাশে এখন পর্যন্ত দাঁড়াচ্ছে না। বিষয়টি সামাজিক দায়বদ্ধতা তহবিল সংগ্রহের সাথে সাংঘর্ষিক মন্তব্য করে তিনি প্রশ্ন রাখেন-তাহলে কি কারণে সামাজিক দায়বদ্ধতা তহবিল সংগ্রহ করা হয়?